তিন জেলায় চার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত মঙ্গলবার এক পোশাককর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গতকাল বুধবার দুজনের ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যুবদলের এক নেতার লাশ উদ্ধার হয়।
এলাকাবাসী ও পুলিশের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
জগন্নাথপুর (সুনামগঞ্জ): উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর খেয়াঘাট থেকে গতকাল সকালে গৌরাঙ্গ ভট্টাচার্য (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের মৃত আলতাব আলীর মেয়ে মাজেদা বেগমের (১৩) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজনের অগোচরে মাজেদা বাড়ির পেছনে আমগাছের ডালের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকছুদুর রহমান প্রথম আলোকে জানান, ওই দুটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মতলব দক্ষিণ (চাঁদপুর): উপজেলার নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোতালেব (৩৫) মঙ্গলবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হন। রাত নয়টার দিকে বাড়িসংলগ্ন বাড়িগাঁও আদর্শ বাজার থেকে তাঁর বন্ধু সুমন পাটোয়ারী, ইকবাল হোসেন, রফিক মিয়া ও সুজন মিয়ার সঙ্গে তিনি নারায়ণপুর বাজারে যান। বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে রাতে তিনি বাড়ি ফেরেননি। গতকাল সকালে নারায়ণপুর ডিগ্রি কলেজসংলগ্ন একটি নির্মাণাধীন একতলা ভবন থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। মোতালেব উপজেলার বাড়িগাঁও গ্রামের জুনাব আলীর ছেলে।
কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কেরাদীঘি-সহিলাটি এলাকার ধানখেত থেকে গত মঙ্গলবার সালাহ্ উদ্দিন (২৭) নামের এক পোশাককর্মীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। সালাহ্ উদ্দিন গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।