তিন জেলায় চারটি বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর, বরিশালের গৌরনদী ও নড়াইলের লোহাগড়া উপজেলায় গত সোমবার দিবাগত রাতে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বাগেরহাট: সদর উপজেলার কাশিমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চারজন ডাকাত কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামে তাঁর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা স্বর্ণালংকার ও মুঠোফোনসেটসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে এই প্রতিবেদককে বলেন, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গৌরনদী (বরিশাল): উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামে দুটি বসতবাড়িতে ডাকাতি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত একটার দিকে ওই গ্রামের বাসিন্দা শিক্ষক ইউনুস ব্যাপারীর বাসভবনের জানালার গ্রিল কেটে ১০-১২ জন ডাকাত ভেতরে প্রবেশ করে। তারা ইউনুসের পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৬ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ডাকাতেরা একই গ্রামের ব্যবসায়ী হোসেন ব্যাপারীর ঘরে ঢুকে নগদ ১৬ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়।

লোহাগড়া (নড়াইল): সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের রিপন মুসল্লির বাড়ির জানালার গ্রিল কেটে ১০-১২ জন ডাকাত ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।