তিন জেলায় ছাত্রসহ তিনজন খুন
মৌলভীবাজারের কুলাউড়ায় রাশেদ মিয়া (১২) নামে এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে ইমরান হাসান ওরফে অপু (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জজ মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
সোমবার রাতে কুলাউড়া উপজেলার ভাগমতপুর গ্রামের ফারুক মিয়ার বাড়ি থেকে রাশেদের লাশ উদ্ধার করে পুলিশ। সে গ্রামের জামাল মিয়ার ছেলে এবং স্থানীয় হাসিমপুর আহমদীয় দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
দাউদকান্দি সড়ক-পুলিশ জানায়, সোমবার রাতে দাউদকান্দি সড়ক থানা এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা ইমরানের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। থানার ওসি আবুল ফয়সল বলেন, এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিকেলে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এক বছর আগে জজ মিয়ার কাছ থেকে তালশহর এলাকার এরশাদ মিয়া ৪৩ হাজার টাকা ঋণ নেন। টাকা ফেরত পেতে জজ মিয়া সোমবার এরশাদের বাড়িতে আসেন। তর্কের একপর্যায়ে এরশাদ লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে জজ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে জজ মিয়া মারা যান।
[প্রতিবেদন তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক, ভৈরব এবং মৌলভীবাজার ও দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি]