তিন জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাড়ির সীমানাপ্রাচীর দেওয়াকে কেন্দ্র করে গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই দিন পুলিশ কুষ্টিয়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে। এর আগে মঙ্গলবার রাতে খুলনায় দুর্বৃত্তদের হামলায় এক তরুণ প্রাণ হারিয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:
ফরিদপুর: সদরপুর উপজেলার চর আড়িয়াল খাঁ গ্রামের ওমর আলী মুন্সী ও প্রতিবেশী নুরু মুন্সীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বেলা ১১টার দিকে ওমর আলী মুন্সী ও তাঁর ছেলে জাফর মুন্সী (৩৫) বিরোধপূর্ণ জমির ওপর বাঁশের সীমানাপ্রাচীর নির্মাণ করতে যান। এ সময় প্রতিপক্ষ নুরু মুন্সী লোকজন নিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে লাঠির আঘাতে ওমর আলী মুন্সী (৫০) ঘটনাস্থলেই নিহত হন।
কুষ্টিয়া: কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আতিয়ার লস্কর (৩৫) মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল সকালে ধর্মপাড়া গ্রামের একটি ধানখেত থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে।
খুলনা: মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নগরের নিরালা এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত মো. রনির (২২) ওপর অতর্কিত হামলা চালায়। তারা রনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে চকিৎসার জন্য গতকাল ভোরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। রনি নগরের নাজিরঘাটের আবদুর রহিমের ছেলে।