মৌলভীবাজারের রাজনগরে গত বুধবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বৃহস্পতিবার কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবল মো. কামরুজ্জামান (৩১) নিহত হয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় গত বুধবার ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: মৌলভী-বাজারগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার রাজনগরের গয়াসপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রীমঙ্গলের মাধবপাশা গ্রামের অটোরিকশার চালক মানিক মিয়া (৩০) মারা যান। এ সময় অটোরিকশার যাত্রী অনুপম মালাকার, তাঁর স্ত্রী কল্পনা, তাঁদের মেয়ে প্রীতি ও ছেলে অংকন গুরুতর আহত হন। পরে হাসপাতালে অংকন মারা যায়।
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. কামরুজ্জামান গতকাল সকালে পেশাগত কাজ নিয়ে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আসছিলেন। পথে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় তাঁকে বহনকারী পিকআপের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি মারা যান। কামরুজ্জামান ব্রাহ্মণপাড়ার বেজোরা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মালেকের ছেলে।
মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয় (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে এলাকাবাসী উদ্ধার করে জামুর্কীর মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে গতকাল সকালে তিনি মারা যান।