তিন জেলায় পাঁচজন খুন
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে পাঁচজন খুন হয়েছেন। গতকাল বুধবার পুলিশ ওই পাঁচজনের লাশ উদ্ধার করে।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: সদর উপজেলার নরসিংহপুর এলাকায় জমি নিয়ে স্থানীয় নূর হোসেন ও আবদুল খালেকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি নূর হোসেন জায়গাটি দখলে নিয়ে সেখানে একটি একতলা পাকা ভবন নির্মাণ শুরু করেন। নির্মাণাধীন ওই ভবনে পাহারার দায়িত্বে ছিলেন মাজহারুল ইসলাম (৪০)। মঙ্গলবার রাতে তাঁকে নির্মাণাধীন ভবনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ গিয়ে মাজহারুলের লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি কিশোরগঞ্জে।
গাজীপুর: চান্দনা চৌরাস্তা ঈদগাহে ইমামের নামাজ পড়ার স্থানের পাশে এলাকাবাসী গতকাল সকালে ময়মনসিংহের নাশুল্যা গ্রামের আবদুল মন্নাছের ছেলে আবু রায়হানের (২৫) লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ রায়হানের মৃতদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরিকাঘাত করে। নিহতের বড় ভাই আবুল কাশেম জানান, সোমবার দুপুরে খাওয়াদাওয়া করে বড়বাড়ী এলাকায় ছোট বোনের বাড়িতে যান। রাতে বোনজামাই মোশতাক আহামেদের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকার হোটেল ব্যবসায়ী সাইফুল ইসলামকে (৩০) খুন করেছে দুর্বৃত্তরা। মুদাফা এলাকার প্রত্যাশা হাউজিং মাঠ থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁর লাশ লাগেজ থেকে উদ্ধার করে পুলিশ। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকার তৃপ্তি হোটেলের মালিক সাইফুল নোওয়াগাঁও এলাকার বাসিন্দা।
দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাগেজে ভরে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নবাবগঞ্জ (ঢাকা): দোহারের মিজান নগর গ্রামের শেখ আবুল হোসেনের মেয়ে নুরজাহান বেগমের (২০) সঙ্গে পটুয়াখালীর কাটাখালী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলামের দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর শফিকুল দোহারের ঘাটার গ্রামে নানির বাড়িতে নূরজাহানকে নিয়ে থাকতেন। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই দিন রাতে হঠাৎ শফিকুল চিৎকার করতে থাকেন। আশপাশের লোকজন এগিয়ে এলে ভূতে নুরজাহানকে মেরে ফেলেছে বলে জানান শফিকুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নূরজাহানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শফিকুল ও তাঁর নানী শুকুরী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ (ঢাকা): গতকাল দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নূর আলমের বাড়ির নিচতলায় তালাবদ্ধ থাকা একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হয়। এতে বাড়ির অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি বাড়ির ব্যবস্থাপক চান মিয়াকে জানান। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধারের পর শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি থানায় এসে লাশটি তাঁর শ্বশুর শাজাহান চৌধুরীর (৪৫) বলে শনাক্ত করেন।