তিন জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীতে গতকাল বুধবার বজ্রপাতে চারজন মারা গেছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মেরী গোপীনাথপুর গ্রামে বজ্রপাতে নুরু মোল্লা (৫৫) মারা যান। গ্রামবাসী কয়েকজন জানান, সকাল সাড়ে ছয়টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে নুরু মোল্লা উঠান থেকে গোয়ালঘরে গরু নেওয়ার কাজ শুরু করেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে নুরুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম দেলোয়ার বেগ (৩৫)। বাড়ি উপজেলার গাজিরটেক ইউনিয়নের ব্যাপারীডাঙ্গি গ্রামে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল হক জানান, বুধবার ভোর থেকে ওই কৃষক বাড়ির পাশের জমিতে পেঁয়াজের দানা তুলছিলেন। সকাল নয়টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী জমি থেকে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসেন।
রাজবাড়ীতে গতকাল সকালে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। তাঁরা হলেন মুরাদ শেখ (২৬) ও কোরবান আলী শেখ (৩৬)। মুরাদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, সকাল আটটার দিকে মুরাদ ও তাঁর ভাই পাটের বীজ বুনতে মাঠে যান। এ সময় বাজ পড়লে তিনি মাটিতে পড়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে, তাঁর ভাই সুস্থ আছেন।
কোরবানের বাড়ি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহের কালুখালী গ্রামে।
গ্রামের শফিউর রহমান জানান, বৃষ্টির আগে পাটের বীজ বুনতে কোরবান মাঠে যান। সাড়ে আটটার দিকে বজ্রপাতে তিনি মারা যান।