তিন জেলায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গতকাল শুক্রবার বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে এক কৃষক ও সুনামগঞ্জের ধরমপাশায় এক কৃষক মারা গেছেন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: গতকাল সকালে উপজেলার কাজিয়াকান্দা গ্রামের জাহাঙ্গীর আলম (২১) মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এর আগে গত বৃহস্পতিবার বজ্রপাতে হালুয়াঘাটে দুজন, ধোবাউড়ায় দুই স্কুলছাত্র ও ফুলপুরে এক কৃষকের মৃত্যু হয়।
জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান নিশ্চিত করেছেন।
জামালপুর: গতকাল বেলা দুইটার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে ধান কাটছিলেন উপজেলার নোয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০)। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধরমপাশা (সুনামগঞ্জ): উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের কৃষক আলমগীর কবীর (৪৫) গতকাল দুপুর সোয়া ১২টার দিকে নিজ বাড়ির সামনে চুনাই নদীতে গোসল করতে যান। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। নদীর পাড়ে থাকা অবস্থায় হঠাৎ করে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই দিন বিকেলে তাঁকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে তাঁকে মৃত ঘোষণা করেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।