তিন জেলায় বন্যা, ফসলের ক্ষতি

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের আটটি উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার কয়েক শ হেক্টর রোপা আমনের খেত, বীজতলাসহ অন্য ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাহাড়ি ঢলে আরও ২০টি গ্রাম প্লাবিত ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা আবার বন্যা দেখা দিয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: সদর, তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, শাল্লা ও ছাতক উপজেলায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, তাঁর উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ জানান, তাঁর উপজেলার রানীগঞ্জ, পাইলগাঁও ও আশারাকান্দি ইউনিয়নের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ বিষয়ে খোঁজখবর রাখতে বলা হয়েছে।
ধরমপাশা (সুনামগঞ্জ): গতকাল সেলবরষ, পাইকুরাটি, বংশীকুণ্ডা উত্তর ও ধরমপাশা সদর ইউনিয়নের ২৭৫ হেক্টর রোপা আমনের জমি ও ১২৫ হেক্টর বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে। বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল হোসেন জানান, বন্যায় তাঁর ইউনিয়নের শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ওই ইউনিয়নের রোপা আমনের খেত ও বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে।
জুড়ী (মৌলভীবাজার): বন্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওর তীরের শাহপুর, রাজাপুর, মনোহরপুর, নিশ্চিন্তপুর, কোরবানপুর, নয়াগ্রাম এবং পশ্চিম জুড়ী ইউনিয়নের চক, তালতলা, খাকটেকা, কালনীগড় ও বাছিরপুর গ্রাম তলিয়ে গেছে। গতকাল ইউসুফনগর, নয়াগ্রাম, শাহপুর, বেলাগাঁও ও বাছিরপুর গ্রামে গিয়ে দেখা যায়, পানিবন্দী লোকজন নৌকায় করে বিভিন্ন স্থানে চলাচল করছে। অনেকে নৌকায় করে গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে ফেলছে। অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বন্যায় অনেক বিদ্যালয় পানিবন্দী হয়ে পড়েছে।