তিন জেলায় বিশ্ব বাঘ দিবস পালিত
‘বাঘ বাঁচান, মায়ের মতো সুন্দরবন রক্ষা করুন’ প্রতিপাদ্য নিয়ে খুলনা, বাগেরহাটের শরণখোলা ও মংলা এবং সাতক্ষীরার শ্যামনগরে গতকাল সোমবার বিশ্ব বাঘ দিবস পালন করা হয়েছে। আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: সুন্দরবন পূর্ব বন বিভাগের উদ্যোগে দুপুরে শরণখোলা উপজেলা সদরে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। সকালে মংলা উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
খুলনা: সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির হোসেন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল জলিল। এর আগে খুলনা সার্কিট হাউস থেকে নগরে শোভাযাত্রা বের করা হয়।
সাতক্ষীরা: সকাল সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সুশীলন প্রশিক্ষণকেন্দ্রে আলোচনা সভা হয়। এতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মো. ইয়াছিন নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান জি এম আবদুল বারী।