তিন জেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

শীতার্তদের পাশে গতকাল বৃহস্পতিবারও দাঁড়িয়েছিল প্রথম আলো ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরে গতকাল ৩৭৫টি কম্বল বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ও পীরগঞ্জের কম্বলগুলো দেওয়া হয় ফ্যাশন হাউস ওটুর সহযোগিতায়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ ক্লাব চত্বরে বিভিন্ন এলাকার ৮০ জন শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বন্ধুসভার সদস্য সাঈদ মাহমুদ, আলী উজ্জামান নূর, গৌরী চন্দ সিতু, নঈমুল বারী, জহিরুল ইসলাম, দবন কুমার, আবদুল্লাহ আল মামুন, বিকাশ চন্দ্র শীল, গোলাম কবীর, অনামিকা ঠাকুর, সারমিন খাতুন, সোনিয়া খাতুন প্রমুখ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ রেলস্টেশনের পেছনের মাঠে যোশাইপাড়া, ভোমরাদহ, চন্নাপাড়া, খামার, শিববাড়ি, ইসলামপুর, লোহাগাড়া স্টেশনপাড়াসহ আরও কয়েকটি এলাকার ২০০ শীতার্তকে কম্বল দেওয়া হয়। স্থানীয় বন্ধুসভার সদস্যরা এসব কম্বল বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত ব্লক সুপারভাইজার আবুল খায়ের ও ওটু ফ্যাশন হাউসের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. রাজিউর রহমান।

কম্বল পেয়ে ভীষণ খুশি হন উপজেলার ইসলামপুর গ্রামের বৃদ্ধা রেজিয়া বেগম (৭০)। তিনি বলেন, ‘আগত হামাক কাহে কম্বল দেয়নি, জারত দর দর করিয়া কাঁপিছিনু। এলা কম্বল খান উরিমো (গায়ে দিব), জার বাপ বাপ করিয়া পালায়ে যাবে।’
নীলফামারীর সৈয়দপুরে বুধবার রাতেই বাড়ি বাড়ি ঘুরে প্রকৃত শীতার্ত খুঁজে বের করে তাঁদের একটি তালিকা তৈরি করেন বন্ধুসভার সদস্যরা। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি রোজিটি নাজনীন চৈতী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান। সে অনুযায়ী গতকাল প্রেসক্লাব চত্বরে ৯৫ জনের হাতে কম্বল তুলে দেন সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা শিক্ষক নাছিম রেজা শাহ এবং প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম।
প্রতিবন্ধী বৃদ্ধা রফিজা বেওয়া (৮০) কম্বল পেয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘শীতে খুব কষ্ট পাচ্ছিলাম। এই কম্বলে এবার আমার শীতের কষ্ট দূর হবে।’
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ এবং ঠাকুরগাঁও ও সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি