তিন জেলায় সড়ক দুর্ঘটনা নিহত ৩, আহত ২২
বান্দরবান, চট্টগ্রাম ও নোয়াখালীতে গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনার তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় ছয় বিজিবি সদস্যসহ ২৩ জন আহত হয়েছেন।
বান্দরবান-কেরানিহাট সড়কে সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেরানিহাট থেকে বান্দরবানে আসার পথে আমতলীপাড়া এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে থোয়াইচিংনু মার্মা (৫৫) নামে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মোহাম্মদ আমিন (৫০) নামে আরেকজন মারা যান।
আহত চারজনের মধ্যে বাবুল দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিজিবি সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ছয়জন বিজিবি সদস্য গুরুতর আহত হন। গতকাল দুপুরে সোনাইমুড়ী-চাটখিল আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্যরা হলেন হাবিলদার শ্রী কিশোর, সিপাহি আপেল মাহমুদ, জালিলুর রহমান, মো. রুবেল, রবিউল ইসলাম ও মো. শরিফ। আহত ব্যক্তিদের কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আবদুর রহিম (২৭) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। গতকাল রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় গতকাল সকালে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পিকআপ ভ্যান (ম্যাজিক গাড়ি নামে পরিচিত) মুখোমুখি সংঘর্ষে তিন শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল ইসলাম জানান, ঘটনার পরপরই উভয় গাড়ির চালক পলাতক রয়েছেন। গাড়ি দুটি চুনতি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নোয়াখালী অফিস, বান্দরবান, সীতাকুণ্ড ও লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি]