তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গতকাল বুধবার ট্রাকের নিচে চাপা পড়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন। একই দিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নছিমন উল্টে একজন এবং নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আরও একজনের মৃত্যু হয়েছে।
মোরেলগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন শরণখোলা ফায়ার সার্ভিসের সদস্য জমাদ্দার শওকত আলী (৫২) ও দেলোয়ার হোসেন (৪০) নামের একজন। গোয়ালন্দে নছিমনের চালকের সহকারী আবদুল কাদের মোল্লা (৪২) ও লোহাগড়ায় পথচারী জালাল শিকদার (৬৫) নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান বলেন, খুলনা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক মোরেলগঞ্জের চেয়ারম্যান বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ট্রাকের ছাদে বসে থাকা ফায়ার সার্ভিসের সদস্য শওকত আলী ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। দুপুরে ওই ট্রাকের নিচ থেকে দেলোয়ার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
শওকত আলী খুলনার রূপসা উপজেলার মহিষাগুনি গ্রামের জমাদ্দার ওসমান আলীর ছেলে। তিনি শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। দেলোয়ার হোসেন শরণখোলার খাদা গ্রামের সুলতান আলীর ছেলে।
শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এস এম শাহদাত হোসেন বলেন, স্টেশনের হাবিলদার শওকত আলী ৭ আগস্ট ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে যান। গতকাল তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল।
গোয়ালন্দ (রাজবাড়ী): বেলা ১১টার দিকে গোয়ালন্দ বাজার থেকে একটি নছিমন রাজবাড়ী সদরের খানখানাপারের দিকে যাচ্ছিল। গোয়ালন্দের রমজান মাতুব্বর পাড়া এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নছিমনটি উল্টে যায়। এতে নছিমনের চালকের সহকারী আবদুল কাদের যানটির নিচে পড়েন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি গোয়ালন্দের স্বরুপার চক গ্রামের কুটি মোল্লার ছেলে।
লোহাগড়া (নড়াইল): পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের লোহাগড়ায় লক্ষ্মীপাশা-মহাজন সড়কের মাটিয়াডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল পথচারী জালাল শিকদারকে ধাক্কা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।