তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
কুষ্টিয়া: শহরের আলফামোড়ে গতকাল সকালে মিনি ট্রাকের চাপায় আমিনুল ইসলাম ওরফে বুলু (৪৮) নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আমিনুল ওই এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মিনি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বাগেরহাট: ফকিরহাট উপজেলার সাধুর বটতলা এলাকায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত ও অন্যজন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম মিঠু গোলদার (৪৫)। তিনি খুলনার রূপসা উপজেলার যুগিহাটি গ্রামের মোশারেফ গোলদারের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত কবির হোসেনকে (৫৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আবদুল মান্নান ফরাজী বলেন, সকালে কাটাখালী এলাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর: গোপালগঞ্জের ভেন্নাবাড়িতে গত সোমবার দুপুরে নছিমনের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বিকাশ মণ্ডল (২৮) জেলার কাশিয়ানী উপজেলার পাথর গ্রামের অরবিন্দু মণ্ডলের ছেলে। তিনি সদরের সাতপাড় বাজারের একটি সারের দোকানে কাজ করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকাশ দোকানের কাজে মোটরসাইকেলে করে টেকেরহাট যাচ্ছিলেন। পথে ভেন্নাবাড়ি বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী বিকাশকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।