তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জামালপুরের সদরে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ও শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় এক কৃষি শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। গত বুধ গতকাল বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদরের পূর্ব ফুলবাড়িয়া এলাকার হাতেম আলী (৭৫), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের কৃষি শ্রমিক আব্বাস উদ্দিন (৪০) ও শ্রীবরদীর ইন্দিলপুর গ্রামের তোফাজ উদ্দিন (৮৫)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুর: হাতেম আলী ও মগর মুন্সি স্থানীয় মসজিদে জোহরের নামাজ পড়তে যান। নামাজ শেষে গতকাল দুপুর আড়াইটার দিকে মসজিদ থেকে বাড়ি যাওয়ার জন্য বের হন। এ সময় মসজিদের সামনেই ফুলবাড়িয়া রাস্তায় একটি মাহিন্দ্র ট্রাক্টর তাঁদের দুজনকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হাতেম আলীর মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ফুলবাড়িয়া রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভুইশ্বর গ্রামের কৃষক মিন্নত আলীর জমিতে গত বুধবার রাতে ১১ জন কৃষি শ্রমিক দিনভর ধান কাটেন। রাত আটটার দিকে ট্রাক্টরে করে ধান নিয়ে তাঁরা মিন্নত আলীর বাড়িতে ফিরছিলেন। ট্রাক্টরটি ব্রাহ্মণগাঁও বড় সেতু এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় শ্রমিকেরা ভয়ে ট্রাক্টর থেকে লাফিয়ে পড়তে থাকেন। এতে আব্বাস উদ্দিনসহ পাঁচজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আব্বাস উদ্দিন মারা যান।
থানার ওসি আলী আরশাদ বলেন, নিহত ব্যক্তির লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর: গতকাল বিকেল পাঁচটার দিকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা বকশীগঞ্জ থেকে শেরপুর আসার পথে ইন্দিলপুর এলাকায় পথচারী তোফাজ উদ্দিনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে পড়লে অটোরিকশার যাত্রী বকশীগঞ্জের মিহিরন (৩৫) ও তাঁর ছেলে নাহিদ (১০) আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাকি আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
থানার ওসি মো. এস আলম জানান, পুলিশ অটোরিকশাটি আটক করেছে। তবে চালক পলাতক।