তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় তাবলিগ জামায়াতের দুই মুসল্লি নিহত হয়েছেন।
এ ছাড়া মৌলভীবাজারে গতকাল শনিবার এক পথচারী ও নেত্রকোনার মোহনগঞ্জে এক যুবক নিহত হয়েছেন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: মুক্তাগাছার কান্দুলিয়া, হারুটি ও বেগুনবাড়ীর ১৬ জন মুসল্লি কানাই বটতলা গ্রামের মসজিদে তিন দিনের জন্য তাবলিগ জামায়াতে যান।
শুক্রবার এশার নামাজ শেষে তাঁরা বাড়ি ফেরার জন্য একটি ভটভটিতে ওঠেন। ভটভটিটি উপজেলার সত্রাশিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১০ জন মুসল্লি আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে কান্দুলিয়া গ্রামের আবদুল হালিম (৫৫) ও চান মিয়াকে (৬০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে হালিম ও রাত একটার দিকে চান মিয়া মারা যান।
আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
মৌলভীবাজার: সদর উপজেলার তালতলায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা সিরাজ মিয়া (৬৫) নামের এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। তাঁর বাড়ি জেলার রাজনগরের মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রামে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়। সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম জানান, এ ঘটনায় অটোরিকশাচালক ফরিদ মিয়াকে আটক করা হয়েছে।
ধরমপাশা (সুনামগঞ্জ): গতকাল সকাল নয়টার দিকে মোহনগঞ্জের উত্তর জগদীশপুর গ্রামের সামনের সড়ক দিয়ে রুবেল মিয়া (২০) হেঁটে যাচ্ছিলেন।
এ সময় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা রুবেলকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রুবেল উত্তর জগদীশপুর গ্রামের বাসিন্দা ছিলেন। থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।