তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। এ ছাড়া গতকাল শুক্রবার ঝিনাইদহের পৌর এলাকায় এক পাটব্যবসায়ী ও কুষ্টিয়ার সদর উপজেলায় এক নারী নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:
ফরিদপুর: নগরকান্দার দেলবাড়িয়া সেতুর কাছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। এতে উপজেলার বড় পাইককান্দি গ্রামের ইসমাইল খান (১৮) ঘটনাস্থলে নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের কাইউম মাতুব্বর (২০) পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। এ ছাড়া এতে মোটরসাইকেলের অপর দুই আরোহী একই গ্রামের হাসিবুল মাতুব্বর (১৫) ও আল-আমিন খান (২২) আহত হন। খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকে আগুন লাগিয়ে দেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন জানান, এ ঘটনায় ইসমাইলের ভগ্নিপতি মাওলানা ফরহাদ হোসেন ট্রাকের চালকসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন।
ঝিনাইদহ: পৌর এলাকার গিলাবাড়িয়া এলাকায় গতকাল দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত একটি লাটার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক পাট ব্যবসায়ী ফিরোজ আহমেদ (৪৫) আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। ফিরোজ হরিণাকুণ্ডুর চাঁদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
কুষ্টিয়া: সদর উপজেলার বৃত্তিপাড়া বাসস্ট্যান্ডে সড়কের পাশে গতকাল বেলা একটার দিকে মালেকা বেগম (৫০) দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মালেকা একই উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মাদার আলীর স্ত্রী।
সাতক্ষীরায় ৪২ যাত্রী আহত: আমাদের সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক জানান, সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়।
এতে বাসের ৪২ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।