নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় আজ রোববার রাতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: নরসিংদীতে সবজিবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। ট্রাকটি আজ রাত পৌনে নয়টার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামের সজল মিয়া (৪০), একই এলাকার ইয়াসিন মিয়া (৪২) ও বাজনাব এলাকার আবদুস সাত্তার (৫০)। তাঁরা সবাই পাইকারি সবজি ব্যবসায়ী। এ ছাড়া আহত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন ও আমজাদ হোসেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া: বগুড়ায় বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাকের চাপায় ছোটন মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় আজ রাতে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারিক উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডিশ ব্যবসায়ী বলে জানা গেছে।
সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করীম জানান, রাতে আমনুরা এলাকা থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে যাচ্ছিলেন তারিক উদ্দিন। আতাহার এলাকায় ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।