তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
দক্ষিণাঞ্চলের তিনটি জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। গত সোমবার থেকে গতকাল বুধবারের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকায় গত মঙ্গলবার ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক মন্টু (৪০) ও যাত্রী সজীব (২২)। সজীব পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুরের শাহজাহান আলীর ছেলে।
পুলিশ ও কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ায় যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাবনার ঈশ্বরদীতে যাচ্ছিল। পথে রানাখড়িয়া এলাকায় কুষ্টিয়াগামী বালুবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে অটোবাইকের ধাক্কায় আয়শা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ভাঙ্গার তুজারপুর গ্রামের আনছু মীরের স্ত্রী।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বগাইল স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন আয়শা বেগম। এ সময় মালিগ্রাম থেকে ভাঙ্গাগামী একটি অটোবাইক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
অভয়নগর (যশোর): উপজেলায় বগুড়াতলা ও চেঙ্গুটিয়ায় দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ন্যাশন্যাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) কেন্দ্রীয় সাবেক সহসভাপতি শেখ আবদুস সামাদ (৯০) ও পাটকলশ্রমিক তপন সরকার (৩৫)। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, গত সোমবার সকালে উপজেলার বগুড়াতলা গ্রামের রাস্তায় প্রাতর্ভ্রমণ করার সময় একটি মোটরসাইকেল পেছন দিক দিয়ে শেখ আবদুস সামাদকে চাপা দেয়।
এদিকে গতকাল সকালে উপজেলার চেঙ্গুটিয়ায় যশোরগামী একটি যাত্রীবাহী নছিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই নছিমনের সংঘর্ষ হয়। এতে নওয়াপাড়া জুট মিলের শ্রমিক তপন সরকার ঘটনাস্থলেই মারা যান। এ সময় চারজন আহত হন। নিহত তপন সরকার উপজেলার পুড়াটাল গ্রামের রামপদ সরকারের ছেলে।