তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেতলতলায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম মিলন হাসান। তিনি বান্দরবান সেনাবাহিনীর ১৭ ইসিবিতে কর্মরত ছিলেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির বাড়ি উপজেলার চান্দুড়িয়া গোলপাড়া গ্রামে। আজ বিকেলে উপজেলার কায়বা বাজার থেকে মোটরসাইকেলে কলারোয়া বাজারে যাওয়ার পথে একটি পিকআপ তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।

বেলকুচি (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উল্লাপাড়া-বেলকুচি সড়কে ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত দুইজন হলেন, উপজেলার শোলাকুড়া গ্রামের চিন্তা রানী সরকার এবং সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী গ্রামের অজিত কুমার সরকার।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ভটভটিটি উপজেলার মৌপুর থেকে ২০ জন যাত্রী নিয়ে বেলকুচি সদরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। কিন্তু উপজেলার কল্যাণপুর কবরস্থানের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চিন্তা রানীর মৃত্যু হয়। অজিত কুমার হাসপাতালে মারা যান। এ সময় আরও ১০ যাত্রী আহত হন। তাঁদের চারজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে।

পলাশবাড়ি (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়িতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের একজন হলেন, বগুড়া শহরের চেলোপাড়া এলাকার রায়হান মিয়া। আরেকজনের পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানা-পুলিশ জানান, অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে বগুড়া থেকে গাইবান্ধা যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে ঝালিঙ্গি গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান, আহত হন আরও চারজন। আহত ব্যক্তিদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা হয়েছে। পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।