তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা, নরসিংদী সদর ও শেরপুর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
দাউদকান্দি (কুমিল্লা): সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার দোতলা এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কাজী ইব্রাহীম খলিল (৩২), কাজী শরীফ হোসেন (২৭) ও কাজী ফারুক হোসেন (২৫) প্রাণ হারান। আরও তিন যাত্রী আহত হন। নিহত ব্যক্তিদের সবার বাড়ি চান্দিনার শালিকায়। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, ওই তিনজনের লাশ তাঁদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
নরসিংদী: সদর উপজেলার শীলমান্দি এলাকার সাতজন শ্রমিক ভোর সাড়ে পাঁচটার দিকে অটোরিকশায় করে কর্মস্থল শহরের ইউএমসি পাটকলে যাচ্ছিলেন। খাটেহারা এলাকায় একটি বাস তাঁদের বহনকারী অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শীলমান্দি এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে মো. ছানা উল্লাহ মিয়া (৪২) ও নুরুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৮) মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার যাত্রী শীলমান্দি এলাকার বাচ্চু মিয়া, সাইজুদ্দিন মিয়া, আবদুল মান্নান মিয়া, মো. কুদ্দুছ আলী, সোহরাব মিয়া ও অটোরিকশার চালককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর: শেরপুর থেকে টাঙ্গাইলগামী একটি বাস বেলা দুইটার দিকে সদর উপজেলার আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জামালপুরগামী একটি ট্রলিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রলিচালক মো. হূদয় (২২) ও আরও চারজন গুরুতর আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে হূদয়কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।