তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় গত মঙ্গলবার ও গতকাল বুধবার ছয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার ফতেপুর এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে একটি যাত্রীবাহী বাস ও কাঠবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলিচালক রাশেদুল (২৭), তাঁর সহকারী টিটুন (২৩) ও কাঠের ব্যবসায়ী মিঠুন (২৫) নিহত হন। তাঁদের সবার বাড়ি উপজেলার সেরুডাঙ্গা গ্রামে।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ওই তিনজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই বাসটি জব্দ করা হয়েছে।
গাইবান্ধা: গতকাল সকালে একটি নৈশকোচ কুমিল্লা থেকে নীলফামারীর জলঢাকার দিকে যাচ্ছিল। কোচটি সকাল নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের মহিলা কলেজের সামনে পৌঁছায়। এ সময় এটি অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় কোচটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী নীলফামারীর ডোমারের গোসাইবাড়ি গ্রামের আবদুল খালেক (৩৮) নিহত ও অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর যাত্রী ডিমলা সদরের আশরাফুল ইসলাম (৩০) মারা যান। পরে স্থানীয় লোকজন আহত ১৪ জন যাত্রীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ঠাকুরগাঁও: সদর উপজেলার কশালবাড়ি গ্রামের সাদেক ইসলাম (৫২) গতকাল ফাড়াবাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলা শহরে যাচ্ছিলেন। পথে বেলা সাড়ে ১১টার দিকে বরুনাগাঁও মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পাটগ্রাম (লালমনিরহাট): পৌর শহরের তেলিপাড়া রেলক্রসিং এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি ট্রেনের সঙ্গে রিকশার সংঘর্ষ হয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে দুজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন রিকশাচালক পাটগ্রাম ইউনিয়নের ব্যংকান্দা গ্রামের মতিজুল ইসলাম (৪০) ও রিকশাযাত্রী একই উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পাবনাপাড়া গ্রামের মর্জিনা বেগম (৫৫)। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।