চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
যশোর, রাজশাহী, শরীয়তপুর ও গাইবান্ধায় আজ শনিবার পৃথক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
অভয়নগর (যশোর)
বেলা সোয়া তিনটার দিকে উপজেলার নওয়াপাড়া এলাকার যশোর-খুলনা মহাসড়কে ট্রাক ও ডিজেলচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন পাঁচজন। আহত ব্যক্তিদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভঁুইয়া প্রথম আলো কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
রাজশাহী
বিকেল পৌনে চারটার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। নিহত ওই দম্পতি বাগমারা উপজেলার তাহেরপুর থেকে ফিরছিলেন।
ওই দম্পতি হলেন আক্তারুজ্জামান শাহীন (২৮) ও রানী খাতুন (২৪)। এঁদের মধ্যে আক্তারুজ্জামান রাজশাহী মহানগরের মতিহার থানার মির্জাপুর এলাকার আবদুল কাদেরের ছেলে।
পুঠিয়ার বানেশ্বর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শরীয়তপুর
বিকেল পাঁচটার দিকে জাজিরা উপজেলার রুপ বাবুর হাট এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হন। আহত হন আরও চারজন।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সেলিম মাদবর (৫০) ও দুলাল মোল্লা (৪০)। তাঁরা জাজিরা উপজেলার বড় কান্দি গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের কাছে ফাঁসিতলা এলাকায় আজ শনিবার বিকেলে ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হন। জাহাঙ্গীর উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, আজ বিকেল পাঁচটার দিকে ফাঁসিতলা এলাকায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি ট্রাক জাহাঙ্গীরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।