তিন জেলায় সড়ক দুর্ঘটনায় বাসদ নেতাসহ নিহত ৫
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কনভেনশন প্রস্তুতি কমিটির বগুড়া জেলার আহ্বায়ক কৃষ্ণ কমল (৪২) গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলা ও সলঙ্গা থানায় এক শিশুসহ দুজন ও রাজশাহী নগরের ছোট বনগ্রাম ও পুঠিয়ায় দুজন নিহত হয়েছেন।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: ভোরে প্রাতর্ভ্রমণের সময় শহরের তিনমাথা রেলগেটসংলগ্ন আদর্শ কলেজ এলাকায় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন চিরকুমার কৃষ্ণ কমল। কৃষ্ণ কমল রাজনীতির পাশাপাশি জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করতেন। শহরের সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের পেছনে জহুরুল নগর এলাকার হান্নানকুঞ্জ নামের এক বাসায় ভাড়া থাকতেন। তাঁর বাড়ি রংপুরের পীরগাছার ছোট ঝিনিয়া গ্রামে। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর লাশ বগুড়া শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে রাজনৈতিক সহকর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিকে শহরের নওদাপাড়া এলাকায় বেলা ১১টার দিকে নওদাপাড়া-নবীগঞ্জ দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির দুই ছাত্রী যমজ বোন নাজিয়া আকতার ও নাজনিন আকতার মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হয়। প্রতিবাদে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ: বেলা একটার দিকে সদর উপজেলার গজারিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় সাদিয়া (৭) নামের এক শিশুকে একটি বালুবোঝাই ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া নিহত হয়। সে গজারিয়া গ্রামের সাজু আহম্মেদের মেয়ে। এ ছাড়া আড়াইটার দিকে সলঙ্গা-তাড়াশ সড়কের কুতুবের মোড় এলাকায় ভ্যানচালক শাহাদৎ হোসেনকে (৩৮) একটি মালবোঝাই ট্রাক চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। শাহাদৎ সলঙ্গা থানার সাতটিক্রি গ্রামের বাসিন্দা।
রাজশাহী: সকাল সাড়ে আটটার দিকে পুঠিয়ায় সিএনজিচালিত হিউম্যান হলারের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি নাটোরের সদর থানার বৈদ্যনাথপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে। এ ছাড়া সকাল ১০টার দিকে নগরের ছোটবনগ্রাম এলাকায় যাত্রীবাহী একটি বাস এক পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই পথচারী (৩০) নিহত হন। এ সময় বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন। ওই পথচারীর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বানেশ্বর হাইওয়ে উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান ও বোয়ালিয়া থানার এসআই মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।