তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু-কিশোরীসহ নিহত ৫
সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় এক শিশু প্রাণ হারিয়েছে। এ ছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হন।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: পুলিশ জানায়, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ পৌর শহরের ইকবালনগর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাকমিনা বেগম (১৬) নামের একজনের মৃত্যু হয়। তাকমিনা জেলার ধরমপাশা উপজেলার সেলবরষ গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় বাসটি উদ্ধার করেন। আহত ১০ যাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সোমবার সন্ধ্যায় একই মহাসড়কের ছাতক উপজেলার কৈতক এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের আনহার মিয়ার (২২) মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত বাবুল মিয়াকে (২৩) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, পুলিশ গাড়িটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল বেলা সাড়ে ১১টার দিক উপজেলার বাঞ্ছারামপুর-মরিচাকান্দি সড়কের বাখরনগরে ইজিবাইকের ধাক্কায় রিতা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। বাড়ির সামনে অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, সোনারামপুর থেকে মরিচাকান্দিগামী একটি ইজিবাইকের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): সোমবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই কামাল মারা যান।