তিন জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাপায় গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই দিন সড়ক দুর্ঘটনায় বগুড়ার কাহালু উপজেলায় এক ব্যবসায়ী এবং সিরাজগঞ্জের বেলকুচিতে এক শিশু নিহত হয়।
নিহত ব্যক্তিরা হচ্ছে পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর সরকারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে স্কুলছাত্র আশিকুর রহমান (১৪), বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার বারমাইল এলাকার ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৫২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সর্বতুলসী গ্রামের সুলতান আলীর ছেলে রিফাত আলী (৪)। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: আশিকুর পলাশবাড়ী এস এম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। গতকাল বিকেলে সে বাইসাইকেলে করে বাড়ি থেকে পলাশবাড়ী উপজেলা সদরে যাচ্ছিল। বেলা তিনটার দিকে শিল্পী হোটেলের সামনে পৌঁছালে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক আশিকুরকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ নিয়ে থানায় মামলা হয়েছে।
দুপচাঁচিয়া (বগুড়া): প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে কাহালুর চাল ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুপুরের দিকে বারমাইল বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় বগুড়া যাচ্ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া-নওগাঁ সড়কের পাগলাপীর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভটভটির সংঘর্ষ হয়। এতে দেলোয়ার অটোরিকশা থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পান এবং পরে মারা যান। কাহালু থানার ওসি সমিত কুমার বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বেলকুচি-উল্লাপাড়া সড়কের কল্যাণপুর গ্রামের কাছে উল্লাপাড়াগামী একটি নছিমনের সামনে দিয়ে রিফাত রাস্তা পার হচ্ছিল। এ সময় চালক ব্রেক করলে নছিমনটি যাত্রীসহ রাস্তার ওপর উল্টে যায়। এতে রিফাত নছিমনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং নছিমনের চার যাত্রী আহত হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।