তিন জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গতকাল শনিবার বাসচাপায় আট বছরের এক শিশু মারা গেছে। নেত্রকোনা সদর উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল সড়ক দুর্ঘটনায় এক নারীসহ আরও দুজন নিহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার শেখ সাদীর মেয়ে সাদিয়া সুলতানা (৮), নেত্রকোনা সদর উপজেলার নুরুলীয়া গ্রামের টিটন মিয়া (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৩০)। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: সাদিয়া ফুলবাড়ীয়া পৌর শহরের প্রধান সড়কের অবস্থিত শাহীন ক্যাডেট স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। গতকাল সকাল নয়টার দিকে সাদিয়া পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকার বাসা থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কলেজ রোড এলাকায় একটি মিনিবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাদিয়ার বাবা ফুলবাড়ীয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মচারী। ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান বলেন, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
নেত্রকোনা: গতকাল দুপুর ১২টার দিকে একটি বাস হজযাত্রী নিয়ে নেত্রকোনা থেকে ঢাকার দিকে রওনা হয়। নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বাঘাই বাজারের কাছে এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটি সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই বাসের সহকারী টিটন মিয়া মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১২ জন। ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। তবে চালক পালিয়ে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া: গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি মালবাহী ট্রাক গৃহবধূ রোকেয়া বেগমকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।