তিন জেলায় ৬০টি দোকান-বাড়ি ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বেতাগী উপজেলার কাজিরহাট বাজারে অগ্নিকাণ্ডে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে গেছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেখছে ক্ষতিগ্রস্ত মানুষ l প্রথম আলো
বরগুনার বেতাগী উপজেলার কাজিরহাট বাজারে অগ্নিকাণ্ডে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে গেছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেখছে ক্ষতিগ্রস্ত মানুষ l প্রথম আলো

দক্ষিণাঞ্চলের তিন জেলায় অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। গত শুক্রবার অগ্নিকাণ্ডের এসব ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: বেতাগী উপজেলার কাজিরহাট বাজারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ধারণা, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে বাজারের একটি ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে বাজারের অন্যান্য দোকানে তা ছড়িয়ে পড়ে। এতে সৈয়দ গোলাম কিবরিয়ার ওয়ার্কশপ ও কাপড়ের দোকান, জাহাঙ্গীর হোসেনের মুদি-মনিহারি দোকান, আবদুল জব্বারের ইলেকট্রনিকস ও মুঠোফোনের দোকান, রফিকুল ইসলামের কাপড় ও লেপ-তোশক এবং আবদুস সোবাহান ও মোতাহার হোসেনের বসতঘরসহ দোকান ওঘর পুড়ে যায়। খবর পেয়ে বরগুনা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের বরগুনা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে মনে করা হচ্ছে।’
গৌরনদী (বরিশাল): উজিরপুর উপজেলায় গত শুক্রবার এক শিশু আগুন নিয়ে খেলার সময় অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের বসতঘরসহ ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বড়াকোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামে মো. রফিক দিনমজুর ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন রফিক ও রাবেয়া তাঁদের সন্তান সাকিবকে (৫) একা ঘরে রেখে কাজ করতে যান। এ সময় শিশুটি রান্নাঘরে চুলার পাশে থাকা দেশলাই নিয়ে কুপি ধরিয়ে আগুন নিয়ে খেলছিল। দুপুরের দিকে শিশুটির অসাবধানতায় রান্নাঘরের চালে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন রফিকের বাড়িসহ পাশের ভেলু রাড়ি ও শেফালী বেগমের ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন সাকিবকে আহত অবস্থায় উদ্ধার করেন। কিন্তু তাঁরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। তাঁদের মতে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকার।
আগুন নেভাতে গিয়ে বারেক সরদার (৬০), শাহানারা বেগম (৪৫), রেজাউল করিমসহ (২৫) পাঁচজন আহত হন।
শরীয়তপুর: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নড়িয়া উপজেলার প্রশাসন ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে দুর্বৃত্তরা নয়টি ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আবু বকর ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী আয়নাল ব্যাপারীর জমি নিয়ে বিরোধ চলছিল। আবু বকরের জমিতে ঘর তুলে আয়নাল বসবাস করছিলেন। কয়েক দিন আগে গ্রামবাসী জমিটি মাপজোক করে সীমানা নির্ধারণ করে দেন। আয়নালকে দখলি জমি ছেড়ে দিতে বলা হয়। এরপর গত শুক্রবার তিনি ঘরের জিনিসপত্র সরিয়ে নেন। কিন্তু শুক্রবার দিবাগত রাতে আয়নালের বসতঘরসহ আবু বকর ব্যাপারী ও তাঁর ভাইদের আটটি ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
আবু বকর অভিযোগ করে বলেন, ‘আয়নাল আমাদের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের ঘরের মালামাল সরিয়ে নিজের ঘর ও আমাদের আটটি ঘরে আগুন ধরিয়ে দেয়।’ ঘটনার পর থেকে আয়নাল ব্যাপারীকে পাওয়া যাচ্ছে না।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।