তিন জেলার ছয়টি ইউনিয়নে অপরাধ কর্মকাণ্ড, ফাঁড়ি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট, দিনাজপুর ও গাইবান্ধা জেলার পাশাপাশি ছয়টি ইউনিয়নে অপরাধ বেড়ে গেছে। উপজেলা সদর থেকে দূরে হওয়ায় অপরাধ অঞ্চল হিসেবে গড়ে উঠেছে এসব ইউনিয়ন। পুলিশি নজরদারি না থাকায় এখানে খুন, ছিনতাই, মাদক ব্যবসা, চোরাচালানসহ নানা অপরাধমূলক ঘটনা ঘটছে। এ ছয়টি ইউনিয়ন হচ্ছে: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই, কালাই উপজেলার মাত্রাই, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট সদর ও পালশা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ও সাকাহার। এ ছয়টি ইউনিয়ন উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। অপরাধ ঠেকাতে এসব ইউনিয়নের মানুষ পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছে। স্থানীয় ও ঘোড়াঘাট, পাঁচবিবি ও গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এসব স্থানে চারটি খুন, ছয়টি মোটরসাইকেল ছিনতাই ও দুটি চুরির ঘটনা ঘটেছে। এসব ইউনিয়নের সীমান্তঘেঁষা এলাকার অসংখ্য মানুষ ভারতীয় পণ্য চোরাচালান ও ফেনসিডিল বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত। অনুসন্ধানে জানা গেছে, আওলাই ইউনিয়নের কাছে দিনাজপুর ও গাইবান্ধা জেলায় ১৫টিরও বেশি অপরাধপ্রবণ এলাকা আছে। এগুলো হলো: আমলাঘাট, পুইয়াগাড়ী, ডালিমগাড়ী ব্রিজ, বিহিগ্রাম মোড়, মাজার এলাকা, দেওগ্রাম ব্রিজ, শৌলা, কাটা, নিতাইশাহপুর, গংরাবাড়ি ব্রিজ, শাইলট্টি ব্রিজ, ভেলুরবান ব্রিজ, আড়িয়াডোবা ব্রিজ, বাওনার ব্রিজ ও পাঁচবিবির ঘোড়াঘাট রাস্তার সুজা মসজিদ এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে আমলাঘাট ব্রিজের কাছে কাঁকড়া গ্রামের বাসিন্দা আলী হাসানকে দস্যুরা হত্যা করে। একই সময় বাকিলার মোড়ে ছিনতাইকারীরা চিকিৎসক আজিজার রহমান ও বেড়াখাই রাস্তায় তায়েজ উদ্দিন মাস্টারের মোটরসাইকেল ছিনতাই করে। ২২ জানুয়ারি বড়পুকুরিয়ার আ. গাফফারের সেচের শ্যালো মেশিন ও ২৩ জানুয়ারি গোবিন্দপুরের রঞ্জনের সেচের পাম্প চুরি হয়। ঘোড়াঘাট উপজেলায় গত ২৫ জানুয়ারি ঘোড়াঘাট কামদিয়া রাস্তায় একজনের, ২২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ রাস্তায় আরেকজনের, ১৭ ডিসেম্বর ঘোড়াঘাটের কামদিয়া কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান চৌধুরীর মোটরসাইকেল ও ১৫ আগস্ট গংড়াবাড়ী ব্রিজের কাছে আরেকজনের মোটরসাইকেল ছিনতাই হয়। ২৮ আগস্ট ঘোড়াঘাট এলাকায় কুরিয়ার সার্ভিসের টাকা লুট হয়। ১৭ জানুয়ারি গোবিন্দগঞ্জের কাঁঠালবাড়ি এলাকার আলুখেতে কালাইয়ের মাত্রাই গ্রামের আবু হাসানের লাশ পাওয়া যায়। ২০ জানুয়ারি ভেলুরবান ব্রিজ এলাকায় দস্যুদের হামলায় নিহত হন শিক্ষক রশিদুল ইসলাম ইব্রাহিম। ৬ ডিসেম্বর বানেশ্বর কাকশায় ভোরের ডাক-এর সাংবাদিক ফরিদুর রেজাকে জবাই করে হত্যা করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে অবাধে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ও কামদিয়ার মোশায়েদ হোসেন চৌধুরী, পালশার ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাকসুদুর রহমান চৌধুরী জানান, তাঁদের এলাকায় অপরাধমূলক তৎপরতা বেড়ে গেছে। এসব বন্ধে এ এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা প্রয়োজন। ঘোড়াঘাট থানার ওসি আখতার হোসেন দাবি করেন, এক বছর ধরে এ থানায় বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ এ বিষয়ে তথ্য দিতে রাজি হননি। পাঁচবিবি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আওলাই ইউনিয়নে মাঝেমধ্যে অপরাধ সংঘটিত হয়। অপরাধীদের গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।