তিন জেলার বাসিন্দাদের চলাচলের রাস্তাটি কাঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া-জহুরপুর রাস্তাটি দিয়ে বাঘারপাড়া, ঝিনাইদহের কালীগঞ্জ ও মাগুরার শালিখা উপজেলার মানুষ চলাচল করে। পাঁচ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এ রাস্তাটি কাঁচা। এ সড়কে চলাচলকারী মানুষ বর্ষা মৌসুমে কাদা আর শুকনো মৌসুমে ধুলায় বিপর্যস্ত।
রাস্তাটি চলাচল উপযোগী রাখতে গ্রামের মানুষ নিজেদের টাকায় ইট-খোয়া ফেলে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে।
৯ সেপ্টেম্বর বাঘারপাড়ার গরিবপুর গ্রামে গিয়ে দেখা যায়, বেতালপাড়া-জহুরপুর সড়কের বিভিন্ন স্থানে আধলা ইটের স্তূপ। দুজন শ্রমিকের সঙ্গে কোদাল দিয়ে কাদা সরাচ্ছেন গ্রামের কিছু মানুষ। তাঁদের মধ্যে বাঘারপাড়া উপজেলার হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানও রয়েছেন।
গরিবপুর গ্রামের বাসিন্দা ও খাজুরা শহীদ সিরাজউদ্দীন হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, ‘মূলত সিদ্দিক স্যারের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করা হচ্ছে। প্রতিবছরই সিদ্দিক স্যার নিজের টাকা দিয়ে রাস্তা সংস্কার করেন। এ বছরই স্যারের কাজে উদ্বুদ্ধ হয়ে তাঁর ছাত্রসহ গ্রামের অনেকে এগিয়ে এসেছেন।’
সিদ্দিকুর রহমান বলেন, ‘যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার তিন উপজেলার অন্তত ৩০ গ্রামের মানুষের যাতায়াতের জন্য বেতালপাড়া-জহুরপুর রাস্তাটি ব্যবহৃত হয়। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখনো কাঁচা। চলাচলে মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। রাস্তাটি পাকা করার জন্য এলাকাবাসী কয়েক বছর ধরে স্থানীয় সাংসদ ও জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ধরনা দিচ্ছেন। কিন্তু তাঁরা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। যে কারণে আমরা স্থানীয় লোকজন নিজেদের টাকায় সড়কটি চলাচলের উপযোগী রাখার চেষ্টা করে যাচ্ছি। রাস্তাটা ঠিক রাখতে এবারের বর্ষা মৌসুমে এ পর্যন্ত আমাদের ছয় হাজার টাকা খরচ হয়েছে। নিজেদের শ্রম তো রয়েছেই।’
জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলু পাটোয়ারী বলেন, ‘ওই রাস্তাটি পাকা করার জন্য এমপি সাহেব আশ্বাস দিয়েছিলেন। যে কারণে ইউনিয়ন পরিষদ থেকে ওই সড়কে তেমন কোনো কাজ করা হয়নি—এটা সত্য। স্থানীয় সিদ্দিক স্যারের উদ্যোগে ওই সড়কে ইট-খোয়া ফেলার কাজ চলছে বলে শুনেছি। দেখি আমরা কী করতে পারি।’
জানতে চাইলে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাংসদ রণজিৎ কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘জহুরপুর ইউনিয়নের ওই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ওই ইউনিয়নের অনেকগুলো রাস্তা ইতিমধ্যে আমরা সংস্কার করেছি। তবে ওই রাস্তাটি আমরা এখনো করতে পারিনি। আগামী ডিসেম্বর মাসে ওই রাস্তাটি পাকা করা হবে—এটা আমাদের পরিকল্পনায় রয়েছে। ডিসেম্বরে কাজ শুরু করে আগামী মার্চ মাসের মধ্যে এটি পাকা হয়ে যাবে।’