তিন জেলার সড়কে বন্যার ক্ষতচিহ্ন

কোথাও সড়ক ভেঙে গভীর খাদ হয়ে আছে। কোথাও কার্পেটিং উঠে বেরিয়ে আছে ইটের খোয়া ও পাথর, কোথাও আবার সড়ক দেবে গিয়ে মাটি বের হয়ে আছে। আবার কিছু স্থানে সড়কের এক পাশের বিশাল অংশ ধসে পড়েছে। এ অবস্থা বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বেশ কিছু সড়কের।
সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় এ বিভাগের ৮৮৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক সংস্কারে ৩৫১ কোটি টাকা ব্যয় হবে।

সিলেটের সওজ ও এলজিইডির প্রকৌশলীদের হিসাব অনুযায়ী, বন্যা ও অতিবৃষ্টিতে জেলার ৩৬২ কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার জানান, বর্ষা মৌসুম শেষ হলেই দ্রুত ভাঙাচোরা রাস্তা সংস্কারে উদ্যোগ নিতে সওজ ও এলজিইডি কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।
সিলেটের গোলাপগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ ও ওসমানীনগর উপজেলার গ্রামীণ রাস্তা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পুরানবাজার সড়কের অধিকাংশ স্থান ভেঙে এবড়োখেবড়ো হয়ে আছে। উপজেলার পাঁচজন বাসিন্দা জানান, সাত কিলোমিটার দীর্ঘ ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পুরানবাজার সড়কের পুরো অংশজুড়েই ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে সড়কটি পাড়ি দিতে গিয়ে বিভিন্ন যানবাহনের যাত্রীদের সারাক্ষণ ঝাঁকুনি সহ্য করেই পথ চলতে হচ্ছে। এ সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকায় পথচারীদেরও ভোগান্তি পোহাতে হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের ব্যবসায়ী রাশেদ আহমদ জানান, সড়কটি দিয়ে উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও ও ঘিলাছড়া ইউনিয়নের অন্তত ২৫ হাজার মানুষ চলাচল করে। কিন্তু বন্যায় সড়কটি প্রায় শতভাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

সওজ সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পুরানবাজার সড়ক ছাড়াও ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ-ভাদেশ্বর সড়কটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই-বিয়ানীবাজার সড়ক বিধ্বস্ত হয়েছে। সওজের অধীনে থাকা এ তিনটি সড়কের প্রায় ১২ কিলোমিটার অংশ সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর বাইরে জেলার আরও ১০০ কিলোমিটার সড়ক কমবেশি নষ্ট হয়েছে।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পরপরই সড়কগুলোতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব সড়ক সংস্কারে প্রায় ৭ কোটি টাকা বরাদ্দের জন্য একটি চাহিদাপত্র সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এলজিইডির এক প্রকৌশলী জানান, বন্যায় জেলার বিভিন্ন গ্রামীণ রাস্তা প্রায় এক থেকে দেড় মাস পানিতে তলিয়ে ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এসব রাস্তা সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী এ এস এম মহসিন প্রথম আলোকে বলেন, বন্যায় জেলার ১৩টি উপজেলার সব রাস্তা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় ২৫০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুনামগঞ্জে বন্যায় ৩৩২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি কমলেও এখনো জেলার তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সরাসরি যান চলাচল শুরু হয়নি। জেলার ১১ উপজেলার মধ্যে বন্যাকবলিত ৮টি উপজেলায় সড়কের ক্ষতি হয়েছে বেশি। সংস্কারে প্রয়োজন হবে ২৩৫ কোটি টাকা।
এলজিইডি সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১১ উপজেলায় এলজিইডির অধীন পাকা ও কাঁচা সড়ক ৪ হাজার ৬৯৩ কিলোমিটার। এর মধ্যে পাকা ১ হাজার ৩৭৯ কিলোমিটার। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১২ কিলোমিটার। এই সড়ক সংস্কারের জন্য ব্যয় হবে ২০৫ কোটি টাকা।
সওজ সুনামগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সওজের অধীনে জেলায় পাকা সড়ক আছে ২২৫ কিলোমিটার। এর মধ্যে বন্যায় ৮টি উপজেলায় ক্ষতি হয়েছে ২০ কিলোমিটার। এসব সড়ক সংস্কারে ব্যয় হবে ৩০ কোটি টাকা।
সরেজমিনে দেখা গেছে, জেলার তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের ক্ষতি হয়েছে বেশি। অন্তত সাতটি স্থানে সড়ক ভেঙে গেছে। এর মধ্যে সড়কের আনোয়ারপুর ও চিকসা এলাকা পানির তোড়ে ভেঙে গেছে। তাহিরপুর-জামালগঞ্জ সড়কের আনোয়ারপুর বাজারের পাশে সড়ক ভেঙে খাল হয়ে গেছে। মানুষ ওই ভাঙা অংশে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে পারলেও সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। তাহিরপুর-বাদাঘাট সড়কের কয়েকটি স্থানে ভাঙন ও দুটি সেতুর সংযোগ সড়কের মাটি ধসে পড়ায় ওই সড়ক দিয়েও কোনো যান চলাচল করতে পারছে না।
তাহিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি বলেন, ‘বন্যায় তাহিরপুরে মানুষ যেমন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি রাস্তাঘাটেরও ক্ষতি হয়েছে বেশি। জেলা শহরে আমরা সরাসরি যাতায়াত করতে পারছি না।’
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের শক্তিয়ারখলা, দুর্গাপুর এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত চারটি সেতুর সংযোগ সড়কে আংশিক মাটি সরে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বম্ভরপুর-লাউরেড়গড় সড়ক। এ ছাড়া জেলার দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের জালালপুর, কাঠাখালী, মান্নারগাঁও এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ।
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় পানির তোড়ে সড়কের কয়েক স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব স্থানে বালুভর্তি কিছু বস্তা ফেলে মানুষের চলাচলের সাময়িক ব্যবস্থা করা হয়েছে।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একই সঙ্গে সড়ক সংস্কারে যে পরিমাণ টাকা লাগবে, সেটিও জানানো হয়েছে। এখন বরাদ্দ পাওয়া গেলে সড়ক সংস্কারের কাজ হবে।’
সওজ সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জ উপজেলায় সড়কের বেশি ক্ষতি হয়েছে। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে সড়ক সংস্কারে কাজ শুরু করবেন তাঁরা।

মৌলভীবাজারের হাওরাঞ্চলে প্রায় ১৯১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে যাওয়ার পর এসব সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব রাস্তা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন। গত জুনের শেষে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে অনেক সড়ক তলিয়ে যায়। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে পানি কমতে শুরু করে। সড়ক থেকেও পানি সরে যায়। তবে এখনো অনেক সড়কের অংশবিশেষ পানিতে তলিয়ে আছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের রাজনগর-বালাগঞ্জ সড়কের অন্তত চার থেকে পাঁচ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থান এখনো পানির নিচে তলিয়ে আছে। হাওরের পানি কমলে সড়কের পানি কিছুটা কমে। বৃষ্টি হলে আবার সড়ক পানিতে তলিয়ে যায়। রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর দোকান-সারমপুর রাস্তার প্রায় দেড় কিলোমিটার এলাকা পানির নিচে তলিয়ে আছে। এই রাস্তায় যান চলাচল বন্ধ।
এ ছাড়া মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা সড়ক পানিতে তলিয়ে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার হাতলিয়া, কুইয়াছড়া, দলছড়িসহ বিভিন্ন স্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের পুশাইনগর-নবাবগঞ্জ রাস্তা ও ভুকশিমইল-কুলাউড়া রাস্তার বিভিন্ন স্থানে গর্ত রয়েছে। হাওরের ঢেউয়ে এই দুটি রাস্তার দুই পাশের মাটি সরে গেছে।
এলজিইডির মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা যায়, এলজিইডির অধীন মোট ৪ হাজার ৮৯৮ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে ১৮৬ কিলোমিটার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৩৫ কোটি টাকা চাওয়া হয়েছে। এখনো রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের রাজনগর-বালাগঞ্জ সড়ক এবং হাকালুকি হাওরপারের বড়লেখা উপজেলার কানুনগো বাজার-হাকালুকি এবং দাসেরবাজার-বাছিরপুর সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে আছে।
সওজের মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা যায়, এ জেলায় সওজের মোট ৩০০ কিলোমিটার সড়ক আছে। হাকালুকি হাওরের পানিতে মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা সড়কের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় ৪ দশমিক ৬৩ কিলোমিটার পানিতে নিমজ্জিত হয়েছিল। সড়ক মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ১৪ কোটি টাকা চাওয়া হয়েছে।
সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, সড়ক সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ লাগবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া হয়েছে।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন খলিল রহমান, সুনামগঞ্জ, আকমল হোসেন, মৌলভীবাজার ও সুমনকুমার দাশ, সিলেট)