তিন জেলার ১১ জলাশয়ে বিপজ্জনক মাত্রায় ধাতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণায় তিন জেলার ১১টি জলাশয়ে বিপজ্জনক মাত্রায় দূষণকারী ধাতু পাওয়া গেছে। মানবদেহ ও অন্যান্য প্রাণীর জন্য হুমকি সৃষ্টিকারী ওই সব ভারী ধাতুর প্রধান উৎস শিল্প কারখানা ও নৌযান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ (আইএমএসএফ), সিটি ইউনিভার্সিটি অব হংকং ও অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই গবেষণা করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), গ্লোবাল এনভায়রনমেন্টাল ফেসিলিটি (জিইএফ) ও বে অব বেঙ্গল লার্জ মেরিন ইকোসিস্টেম প্রকল্প গবেষাটিতে সহায়তা করেছে।
গতকাল শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে জলাভূমি দূষণ, প্রতিবেশ, মানবদেহ এবং জলাভূমি ব্যবহারকারীদের জন্য ঝুঁকি’ শীর্ষক সেমিনারে ওই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
সেমিনারে অস্ট্রেলিয়ার আরএমটি ইউনিভার্সিটির অধ্যাপক গোলাম কিবরিয়া গবেষণার ফলাফল উপস্থাপন করেন। তিনি বলেন, ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের নভেম্বর সময়কালে চট্টগ্রাম, খুলনা ও ঢাকার ১১টি জলাশয়ের পানির নমুনা পরীক্ষা সংগ্রহ করা হয়। সেই নমুনা হংকংয়ের সিটি ইউনিভার্সিটিতে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, পানিতে পারদ, ক্যাডমিয়াম, তামা, সিসা, দস্তা, ক্রোমিয়াম, নিকেল, ইউরেনিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, লোহা রয়েছে। এসব ধাতব পদার্থের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি।
গোলাম কিবরিয়া বলেন, চট্টগ্রামের খেজুরতলি ঘাট, হালদা নদী, সদরঘাট, ঢাকার বুড়িগঙ্গা তীরবর্তী কামরাঙ্গীরচর, বড়পুল বাস্তুহারা কলোনি এলাকায় তীব্র মাত্রায় দূষণকারী ধাতু পাওয়া গেছে। চট্টগ্রামের সালিমপুর, চাক্তাই, বাঁশবাড়িয়া, পতেঙ্গা, হার্ডবোর্ড মিল খেয়াঘাট ও মিরেরডাঙ্গার তীরে মাঝারি মাত্রায় দূষণকারী বস্তু পাওয়া গেছে। এসব এলাকায় জাহাজভাঙা শিল্প, কাগজ কল ও সার কারখানা থেকে এসব বস্তু গিয়ে পানিতে মিশছে। খুলনার পশুর ও রূপসা নদীতে দূষণকারী বস্তু পাওয়া গেলেও তা বিপজ্জনক মাত্রায় পৌঁছায়নি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দীন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব হংকংয়ের অধ্যাপক রুডলফ হিমারস, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিনা আফরোজা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিন অ্যাফেয়ার্স ডিভিশন) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।