তিন জেলায় অগ্নিকাণ্ডে ৩১ দোকান পুড়ে ছাই
কিশোরগঞ্জের কুলিয়ারচর, চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীর সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায় গত দুই দিনে অগ্নিকাণ্ডে ৩১টি ব্যবসাপ্রতিষ্ঠান ও চারটি বসতঘর পুড়ে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভৈরব (কিশোরগঞ্জ): কুলিয়ারচর উপজেলার বাজরাতাড়াকান্দি বাজারে বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ২৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার ব্রিগেডের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুলিয়ারচরের ইউএনও মোকাম্মেল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ পৌরসভার চোরাগড় সওদাগর বাড়িতে বুধবার রাতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাত সাড়ে ১২টার দিকে ওই বাড়ির রুহুল আমিনের ঘরের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নোয়াখালী: বুধবার বিকেলে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের পাশের লুত্ফুর রহমানের বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে যায়।