তিন জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
অটোরিকশা, টেম্পোসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরে গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।গত ৩০ মার্চ ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার পরিবহন-মালিকদের এক যৌথ সভায় মোটর মালিক সমিতি এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। জানা যায়, গতকাল ভোর থেকে তিন জেলার অভ্যন্তরীণ সব সড়কপথে যান চলাচল বন্ধ রয়েছে। ওই সব জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কসহ তিন জেলার বিভিন্ন সড়কে মালিক সমিতির লোকজন অবস্থান নিয়েছেন। শ্রমিক সংঘর্ষ এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে কাঁচামাল ব্যবসায়ীদের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ী ও চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।ঠাকুরগাঁও কাঁচামাল আড়তের ব্যবসায়ী পরিমল সরকার জানান, অবিলম্বে পরিবহন ধর্মঘট প্রত্যাহার না হলে লাখ লাখ টাকার সবজি নষ্ট হয়ে যাবে। এতে করে চাষি ও ব্যবসায়ীরা লোকসানে পড়বেন। এদিকে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁও রোড এলাকার চিনিকল চত্বরে সমাবেশ করেছে জেলা অটো মালিক সমিতি। সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আবু বকর সিদ্দিক প্রমুখ।ঠাকুরগাঁও জেলা অটো মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, জেলায় দেড় হাজারের বেশি অটোরিকশা রয়েছে। এসব রিকশার চলাচল বন্ধ করলে শত শত পরিবার বেকার হয়ে পড়বে।ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সভাপতি রামবাবু জানান, দীর্ঘদিন মালিক সমিতি রাস্তায় অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় তাঁরা পরিবহন ধর্মঘট শুরু করেছেন। অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের উদ্যোগ না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে তিনি জানান।