২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সংঘটিত সহিংস ঘটনা তদন্তে গঠিত কমিশন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ ও সাক্ষ্য নেওয়া এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য গতকাল শনিবার তিনটি জেলার উদ্দেশে যাত্রা শুরু করেছে। কমিশন গতকালই যশোরে কাজ শুরু করেছে। আজ রোববার ঝিনাইদহ ও রাজবাড়ীতে সাক্ষ্য ও অভিযোগ নেওয়া হবে। কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেল আড়াইটায় যশোর সার্কিট হাউজে জেলার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ ও সাক্ষ্য নেওয়া হয়েছে। তা ছাড়া ক্ষতিগ্রস্ত ঘটনাস্থলও পরিদর্শন করে কমিশন। আজ সকাল সাড়ে নয়টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার শমসেরনগর গ্রামের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাক্ষ্য নেওয়া ও ঘটনাস্থল পরিদর্শন করবে কমিশন। বিকেল তিনটায় রাজবাড়ী জেলা সার্কিট হাউজে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাক্ষ্য ও অভিযোগ নেওয়া হবে। প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি ঢাকা সেন্ট্রাল সার্কিট হাউজে তদন্ত কমিশন ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনার তদন্তকাজ শুরু করে। আগামী সেপ্টেম্বরে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।