তিন জেলায় আ. লীগ ও বিএনপির সংঘর্ষ
পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। পটুয়াখালীতে সকালে সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। সীতাকুণ্ডে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
আমাদের প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর।
পটুয়াখালী
পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী স্ট্যান্ড এলাকায় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ২০ জন নেতা-কর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে পটুয়াখালী সদর রোডে আওয়ামী লীগের সমাবেশ ছিল। একই সময়ে বটতলায় ছিল বিএনপির সমাবেশ। সমাবেশে যাওয়ার পথে জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বহরের সঙ্গে থাকা নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কের টি এ রোডের ফকিরাপুলের উত্তর পাশে আওয়ামী লীগ ও দক্ষিণ পাশে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। সকাল থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছেন তাঁরা। যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা লগি-বইঠা ও রামদা নিয়ে শহরে খণ্ড খণ্ড মিছিল করেছেন। একই সময়ে জেলা বিএনপির নেতা-কর্মীরা শহরের টি এ রোডে পাল্টা মিছিল করার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দেয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হকের অভিযোগ, পুলিশের সহায়তায় আওয়ামী লীগ লগি-বইঠা ও রামদা নিয়ে মিছিল করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সফিকুল ইসলাম জানান, দুই দল শহরের দুই প্রান্তে অবস্থান নেওয়ায় উত্তেজনা রয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল এলাকায় আজ শুক্রবারের সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ১৮ দলের জোটের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোলাগুলির জন্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম পরস্পরকে দায়ী করেছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।