সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখায় স্বস্তি প্রকাশ করে তিনটি জেলায় আনন্দ মিছিল হয়েছে। এ সময় রায় দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।
ফরিদপুর: আনন্দ মিছিল করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা। দুপুরে শহরের থানা রোডে আওয়ামী
লীগের কার্যালয়ের সামনে থেকে বের করা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা শহরের মুজিব সড়কে আলাদা আনন্দ মিছিল করেছেন। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তাঁরা অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান।
কিশোরগঞ্জ: জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বের করা একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয় সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণ থেকে। সংসদের ডেপুটি কমান্ডার আবদুল মান্নানের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশ নেন। এর আগে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
কেরানীগঞ্জ (ঢাকা): নবাবগঞ্জের দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ গতকাল মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিল করেছে।
মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে উপজেলা ফটক ঘুরে কলেজে গিয়ে শেষ হয়।
মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ছাত্রলীগ নেতা সাজেদুল হুদা, নাহিদুল আলম, মো. ফারহান প্রমুখ উপস্থিত ছিলেন।