তিন জেলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পৃথক তদন্ত দল গতকাল বৃহস্পতিবার কুমিল্লা, পিরোজপুর ও পাবনায় বধ্যভূমি পরিদর্শন করেছে।গতকাল বেলা পৌনে ১১টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা সদরে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়সংলগ্ন বধ্যভূমি পরিদর্শন করে তিন সদস্যের তদন্ত দল। অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমানের নেতৃত্বে তদন্ত দলের অপর সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার মো. নুরুল ইসলাম ও পরিদর্শক শ্যামল চৌধুরী। এলাকাবাসী জানান, ১৯৭১ সালের ২৪ মে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের স্থানীয় দোসর আলবদর, রাজাকারদের সহযোগিতায় মুরাদনগর উপজেলার উত্তর ও দক্ষিণ বাখরাবাদ গ্রামে হত্যাযজ্ঞ চালায়। এতে ১৪২ জন শহীদ হন। তাঁদের সবাইকে ওই বধ্যভূমিতে মাটিচাপা দেওয়া হয়।তদন্ত দলের কাছে সাক্ষ্য দেন দেবীদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুস সামাদ, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ বি এম আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন মোল্লা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলফু মিয়া প্রমুখ। তদন্ত দলের সদস্য নুরুল ইসলাম জানান, তাঁরা দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার বধ্যভূমি পরিদর্শন করেছেন। স্থানীয় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে তাঁরা কথা বলেছেন।এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ার সূর্যমণি গণহত্যা মামলার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল মঠবাড়িয়ায় যায়। এই দলের সদস্যরা হলেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন, পরিদর্শক মো. নূর হোসেন, মো. ওবায়দুল্লাহ ও মো. শাহজাহান কবির। তদন্ত দল সূর্যমণি গণহত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট হালদারবাড়ি, মিস্ত্রিবাড়ি ও সূর্যমণি বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করে। এ সময় দলটি ১৮ জনের সাক্ষ্য নেয়।১৯৭১ সালের ৬ অক্টোবর রাতে স্থানীয় রাজাকার বাহিনী উপজেলার আঙ্গুলকাটা গ্রামের হিন্দুপাড়া থেকে ৩০ জনকে সূর্যমণি বেড়িবাঁধে নিয়ে গুলি করে। এতে ২৪ জন শহীদ হলেও ছয়জন প্রাণে বেঁচে যান। বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধা জ্ঞানেন্দ্র সাহা গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলা করেন। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি আ. জব্বার ইঞ্জিনিয়ার, মুকুল আহম্মেদ, টিকিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস্কেন্দার মৃধাসহ সাতজন এবং অজ্ঞাত ৬৫ জনকে আসামি করা হয়। মহজোট সরকার গঠনের পরপরই আ. জব্বার যুক্তরাষ্ট্রে চলে যান। প্রসঙ্গত, সেক্টর কমান্ডারস ফোরাম প্রণীত যুদ্ধাপরাধীর তালিকায় আ. জব্বারের নাম রয়েছে।পাবনায়ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয়েছে। তদন্ত দল গতকাল পাবনা শহরে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনীর ক্যাম্প চিহ্নিত এবং বধ্যভূমি পরিদর্শন করে। আজ শুক্রবার থেকে তদন্ত দল ভুক্তভোগী, নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে।১১ সদস্যের তদন্ত দলের সদস্যরা হলেন অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, আবদুর রহমান হাওলাদার ও আলতাফ উদ্দিন এবং তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান, জেড এম আলতাফুর রহমান, এস এম ইদ্রিস আলী।তদন্ত দল গতকাল পাবনা সার্কিট হাউসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, আইনজীবী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করে। এ সময় পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।তদন্ত দলের সদস্যরা বিকেল সাড়ে পাঁচটায় পাবনা শহরের বধ্যভূমি হিসেবে চিহ্নিত নূরপুর ওয়াপদা কলোনি (মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি সেনাদের স্থায়ী ক্যাম্প) এবং পাবনা আলিয়া মাদ্রাসা (রাজাকারদের টর্চার ক্যাম্প) পরিদর্শন করেন। এ সময় তাঁরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন।মুক্তিযোদ্ধারা তদন্ত দলের কাছে মুক্তিযুদ্ধের সময় মতিউর রহমান নিজামী, আবদুস সুবহান, মাওলানা ইসহাক, মাওলানা ইদ্রিস ও তাঁদের ৫০-৬০ জন সহযোগীর ভূমিকা তুলে ধরেন। তদন্ত দলের সদস্যরা আজ শুক্রবার পাকশী, নগরবাড়ী ও সাঁথিয়ার বিভিন্ন বধ্যভূমি এবং রাজাকারদের নির্যাতন ক্যাম্প পরিদর্শন করবেন। তাঁরা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সাক্ষ্য নেবেন।