ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে ঘিরে চলা সহিংসতার ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়া ও মৌলভীবাজারের রাজনগরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৫ জন। এ ছাড়া লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে জখম করা হয়েছে একজনকে। এর বাইরে নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত ৬৭ জনের প্রাণ গেছে।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজার: চকরিয়া উপজেলার কোনাখালী ইউপির দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে গত সোমবার রাত নয়টার দিকে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আটজন নারী-পুরুষ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কোনাখালীর মরংঘোনার বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মে চতুর্থ দফার নির্বাচনে কোনাখালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. জাহাঙ্গীর আলম ও মো. ছরওয়ার। এতে মো. ছরওয়ার নির্বাচিত হন। জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে অর্ধশতাধিক গুলি ছোড়া হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, গতকাল মঙ্গলবার সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
মৌলভীবাজার: রাজনগরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছররা গুলিতে সাতজন আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, রাজনগর উপজেলার সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হাকিম ওরফে সুন্দর বখশ ও সহসাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরীর মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকালে এনামুলকে এম এ হাকিম গালাগাল করেছেন—এ কথা প্রচার হলে এনামুলের সমর্থকেরা মিছিল বের করেন। এ সময় মিছিলে বাধা দেন হাকিম ও তাঁর সমর্থকেরা। এতে দুপক্ষে সংঘর্ষ বাধে।
রাজনগর থানার ওসি মো. আবদুল বাসেদ বলেন, ‘ছররা গুলিতে কয়েকজন আহত হয়েছেন। এখনো মামলা হয়নি। পরিস্থিতি শান্ত আছে।’
লক্ষ্মীপুর: রায়পুর ইউপি নির্বাচনে ছানা উল্যা নামে এক পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকেরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অহিদ উল্যাকে সোমবার রাতে কুপিয়ে জখম করেছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতেই ছানা উল্যা ও তাঁর ভাই আনোয়ার উল্যাকে আটক করেছে পুলিশ।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে।