কক্সবাজারের টেকনাফ উপজেলায় গত শনিবার এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীতে গতকাল রোববার এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় গতকাল এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার (টেকনাফ): পুলিশ জানায়, উপজেলার সাতঘরিয়া পাড়ার শিয়াইল্যার ঘোনা এলাকায় শনিবার আবদুর রহমানের (২৫) মরিচখেতে ঢুকে ফরিদ আলমের একটি ছাগল চারা খেলে তিনি ছাগলটি আটকে রাখেন। খবর পেয়ে ফরিদ ঘটনাস্থলে গেলে আবদুর রহমানের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ফরিদ লাঠি দিয়ে পিটিয়ে আবদুর রহমানকে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন আহত আবদুর রহমানকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তাঁর মৃত্যু হয়। নিহত আবদুর রহমানের স্ত্রী খালেদা বেগম একটি হত্যা মামলা করেছেন। পটুয়াখালী: শহরের কলাতলা এলাকার বালুর মাঠ থেকে নুর আলম হাওলাদার (৪৫) নামের এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশচন্দ্র কর্মকার বলেন, নিহত নুর আলমের বড় ছেলে আমির হোসেন ও আমিরের স্ত্রী তাসলিমা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কুষ্টিয়া: শহরের যুব স্পোর্টিং ক্লাবের পাশ থেকে গতকাল সবুরা খাতুন (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে জেলার মিরপুর উপজেলার হালসায় ট্রেনে কাটা পড়ে ওহিদুল ইসলাম (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ওহিদুলের বাড়ি উপজেলার শাকদাহচর গ্রামে। পুলিশ জানায়, গতকাল শহরের যুব স্পোর্টিং ক্লাবের পাশে এক নারীকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এদিকে ওহিদুল নামের ওই মাছ ব্যবসায়ী গতকাল নসিমনযোগে হালসা রেলগেট পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে গোয়ালন্দগামী নকশিকাথা মেইল ট্রেনটি পেছন থেকে থাক্কা দেয়। এতে ওহিদুল ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর গ্রামে জিকে খালের পাশ থেকে গতকাল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।