তিন জেলায় এক শিশুসহ চার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বুধবার ছোট ভাইয়ের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন। একই দিন সুনামগঞ্জের ধরমপাশায় একটি শিশুকে তার বাবা হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কসবায় দুজন খুন হয়েছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সরিষাবাড়ী (জামালপুর): উপজেলার সোনাকান্দহ গ্রামের কালা মণ্ডল (৬৫) ও তাঁর ছোট ভাই আবদুর রশিদের (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল দুপুরে কালার সঙ্গে রশিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রশিদ ইট দিয়ে কালার মাথায় আঘাত করেন। পরে পরিবারের লোকজন কালাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে রশিদ ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির ছেলে স্বপন মিয়া বলেন, ‘আমার বাবাকে চাচা রশিদ খুন করে বাড়ি থেকে পালিয়ে গেছেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ধরমপাশা (সুনামগঞ্জ): পুলিশের বিবরণ অনুযায়ী, উপজেলার নোয়ানগর গ্রামের শাহাব উদ্দিনের সঙ্গে তাঁর চাচাতো ভাই আরশাদ আলীর দীর্ঘদিন ধরে একটি ডোবা নিয়ে বিরোধ চলছে। দুপুরে ডোবা দখলকে কেন্দ্র করে শাহাবের সঙ্গে আরশাদের বাগিবতণ্ডা হয়। শাহাব সেখান থেকে বাড়িতে ফেরেন। পরে মেয়ে মিতু (৭) ও সেতুকে ওই ডোবার কাছে নিয়ে যান। প্রতিপক্ষকে ফাঁসাতে একপর্যায়ে তিনি মিতুকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ খবর পেয়ে শাহাবকে আটক করে।
মধ্যনগর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে শাহাব নিজেই মেয়েকে খুন করেছেন। এ ঘটনায় ওই শিশুর মা শেফালী বাদী হয়ে শাহাবকে আসামি করে হত্যা মামলা করেছেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার ফতেহপুর গ্রামের দুই দল শিশু-কিশোর গত মঙ্গলবার গ্রামটির বালিয়াকান্দি মাঠে খেলতে যায়। মাঠে নিয়াজি গোষ্ঠীর শিশু-কিশোরেরা ফুটবল খেলতে চায়। একই সময় বালামের গোষ্ঠীর ছেলেরা ক্রিকেট খেলতে চায়। এ নিয়ে উভয় গোষ্ঠীর শিশু-কিশোরদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নিয়াজির গোষ্ঠীর আবদুল্লাহ মিয়ার ছেলে রাসেল মিয়াসহ (২৬) অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল হলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল দুপুরে তিনি মারা যান। থানার ওসি আলী আরশাদ জানান, ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): সিএনজিচালিত অটোরিকশার চালক সদর উপজেলার সোহাতা গ্রামের কুদ্দুছ মিয়া (২৮) গত রোববার সকালে বাড়ি থেকে বের হন। তিনি আর বাড়ি ফেরেননি। পরে তাঁর স্ত্রী রিনা আক্তার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে কসবার সৈয়দাবাদ এলাকার ধানখেতে স্থানীয় লোকজন এক যুবকের হাত-পা বাঁধা লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নিহত ব্যক্তির স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে কুদ্দুছের লাশ শনাক্ত করেন। রিনা আক্তার জানান, অপহরণকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার জন্য তাঁর স্বামীকে হত্যা করেছে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি নেওয়ার জন্য চালককে শ্বাসরোধে হত্যা করেছে।