তিন জেলায় কলেজছাত্রসহ তিনজন নিহত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নাজমুস সাকিব (১৯) নামের এক কলেজছাত্র ও রংপুরের বদরগঞ্জে অপিলা খাতুন (৪৫) নামের এক বাক্প্রতিবন্ধী নিহত হয়েছেন। একই দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জে মতিয়ার রহমান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: কিশোরগঞ্জের মাগুড়া ইউনিয়নের মিয়াপাড়া মহল্লার আবদুল মান্নানের ছেলে নাজমুস সাকিব গতকাল মোটরসাইকেলে করে রংপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বিকেল সাড়ে চারটার দিকে জলঢাকা-রংপুর সড়কের মাগুড়া ইউনিয়নের মাস্টারপাড়াবাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সাকিব রংপুর সরকারি কলেজে রসায়ন বিভাগে প্রথম বর্ষের (সম্মান) ছাত্র ছিলেন।
বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের অপিলা গতকাল দুপুরে ভিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার নাগেরহাট হাফেজিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় পেছন থেকে মাটিবোঝাই একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলার বিশুলিয়া গ্রামের মতিয়ার গত বুধবার বিকেলে উপজেলা শহর থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে বাগদা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।