তিন জেলায় গাড়ি চাপায় পথচারীসহ তিনজন নিহত
নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ছাড়া, মৌলভীবাজারের রাজনগরে গত বুধবার মাইক্রোবাসের চাপায় এক বৃদ্ধা নিহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী: গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে লক্ষ্মীপুর থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক মো. লিটন (৩২) নিহত হন। লিটন সদর উপজেলার শেখপুর গ্রামের বাসিন্দা।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকা দিয়ে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় জাকির হোসেন (৩০) নামের এক পথচারী নিহত হন। জাকির উপজেলার শাহবাজপুর গ্রামের আবদুল বাছিরের ছেলে।
মৌলভীবাজার: গত বুধবার রাত আটটার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার হরিণাচং এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় সাজেদা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হন।