তিন জেলায় গ্রেপ্তার ৩৮২
যশোর, কুষ্টিয়া ও মেহেরপুরে এক রাতে ৩৮২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত যশোরে ২৮৬ জন, কুষ্টিয়ায় ৬৪ জন ও মেহেরপুরে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক, চুরি ও অস্ত্র মামলার আসামি রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার বলেন, যশোর জেলার আট উপজেলা থেকে ২৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, সাতটি গুলি, ১১টি হাত বোমা ও দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। তারা সবাই নিয়মিত মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশে গত বৃহস্পতিবার থেকে পুলিশ সাত দিনের বিশেষ অভিযান চালাচ্ছে। পলাতক আসামি গ্রেপ্তার ও সন্ত্রাস প্রতিরোধে এ অভিযান চলছে। জেলার বিভিন্ন থানা থেকে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। আসামিদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মেহেরপুর জেলার পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, অভিযান চালিয়ে তিনটি উপজেলা থেকে বিভিন্ন মামলার আসামিসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।