তিন জেলায় গ্রেপ্তার ৬৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মীসহ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত অভিযানগুলো পরিচালিত হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জ এবং নীলফামারী প্রতিনিধির পাঠানো খবর:
সাতক্ষীরা: জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১২ জন, কলারোয়া ও কালীগঞ্জে সাতজন করে, তালা ও শ্যামনগরে পাঁচজন করে, পাটকেলঘাটায় চারজন, আশাশুনিতে তিনজন এবং দেবহাটায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলা ছাড়াও বিভিন্ন মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নীলফামারী: জেলার বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারী ডিবি পুলিশের উপপরিদর্শক এরশাদ আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতিসহ সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে গতকাল সকালে গ্রেপ্তার হয়েছেন জামায়াতের সক্রিয় নারী সংগঠক মোছা. সালেহা ওরফে রূপসী (৫৩)। তিনি একই গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কর্তব্যরত কর্মকর্তা (সহকারী উপপরিদর্শক) ইসমত আরা বলেন, সদর থানায় একটি বিস্ফোরক দ্রব্য মামলার আসামি সালেহা। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।