তিন জেলায় চারজন খুন
ঝিনাইদহে এক কৃষক ও গোপালগঞ্জে এক প্রবাসীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া মাগুরায় দুজন খুন হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি গ্রামের মাঠে কবির হোসেন (৩০) নামের এক কৃষক খুন হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী মাঠের মধ্যে তাঁর লাশ দেখতে পান। নিহত কবির হোসেন মধুহাটি গ্রামের নুর ইসলামের ছেলে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, কবির হোসেন সকাল নয়টার দিকে স্থানীয় চান্দোয়ালী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে মধুহাটি গ্রামের জামতলা মাঠে কবিরের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমঞ্চদ জানান, নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের সাহাপাড়ায় শেখ মাসুদুর রহমান (৪৫) নামের এক অস্ট্রিয়াপ্রবাসী খুন হয়েছেন। একদল যুবক তাঁর বাসার সামনে তাঁকে কুপিয়ে হত্যা করেছে। গত রোববার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই রাতেই ১৪ জনকে আটক করেছে। নিহত মাসুদুর রহমান জাতীয় পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ নাসিরুদ্দিন আহমেঞ্চদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে সাহাপাড়ার কিছু যুবকের সঙ্গে স্থানীয় সিকদারপাড়ার কিছু যুবকদের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীকালে সিকদারপাড়ার একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে সাহাপাড়ায় ওই প্রবাসীকে তাঁর বাসার সামনে একা পেয়ে কুপিয়ে জখম করে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাগুরা: মাগুরা শহরের পাশে নিজনান্দুয়ালি ও সদর উপজেলার কুল্লিয়া গ্রামে গত রোববার দুই ব্যক্তি খুন হয়েছেন। নিজনান্দুয়ালিতে খুনের ঘটনায় শফি উদ্দিন (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে নিজনান্দুয়ালি পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় বাঁশকোটা মাঠ থেকে বাড়ি ফেরার পথে রোকন মোল্লাকে (৪৬) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান। রোকন নিজনান্দুয়ালি পশ্চিমপাড়ার ছদরুদ্দিন মোল্লার ছেলে।
অন্যদিকে সদর উপজেলার কুল্লিয়া গ্রামের মাঝিপাড়া মাঠ থেকে পুলিশ পলাশ মোল্লা (২৭) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে। পলাশ কুচিয়ামোড়া গ্রামের শওকত মোল্লার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মাঠে পলাশের জবাই করা লাশ দেখে পুলিশে খবর দিলে তারা সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে।