তিন জেলায় চারটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে তরুণের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। এ ছাড়া কুষ্টিয়ার দৌলতপুর ও খোকসায় দুই তরুণ এবং ফরিদপুরের নগরকান্দা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:মেহেরপুর: গাংনী উপজেলার বামুন্দীপশ্চিমপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে আবদুস সালামের (২৫) গুলিবিদ্ধ লাশ উপজেলার একটি মাঠ থেকে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও পুলিশ উদ্ধার করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার ভোরে তাঁরা চাষাবাদের জন্য মাঠে যাওয়ার সময় দেখেছেন মুখোশধারী কিছু লোক এক ব্যক্তিকে ধরে বামুন্দী খলিষাকুণ্ড সেতুর নিচে আকুবপুর চটকাতলা মাঠে নিয়ে যান। এরপর তাঁরা চারটি গুলির শব্দ শুনতে পান। পরে র্যা ব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে। অন্যদিকে র্যা ব-৬-এর কমান্ডার এএসপি গোলাম রাব্বানী জানান, সালাম গাংনীর একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে এলাকার সন্ত্রাসী রাহিদুল ও কনকদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে সালাম খুন হয়েছেন। তাঁর মুখে ও দেহে চারটি গুলি করা হয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত সালাম আওয়ামী লীগ নেতা বেল্টু, বিএনপি নেতা আলিম ও ব্যবসায়ী সালাম হত্যা মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর থানায় একাধিক মামলা আছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।কুষ্টিয়া: গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর আবেদেরঘাট এলাকা থেকে অজ্ঞাত এক তরুণের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণের পরনে প্যান্ট রয়েছে। দৌলতপুর থানার ওসি জাহির হোসেন জানান, ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ আগে মেরে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ অথবা রাজশাহী এলাকা থেকে মৃতদেহটি পদ্মা নদীতে ভাসতে ভাসতে আবেদেরঘাটে এসে পৌঁছালে এলাকাবাসী দেখে পুলিশকে খবর দেন। অপর দিকে খোকসা উপজেলার গোপোগ্রাম ইউনিয়নের জোতপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে আকবর আলীর (২২) লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন মৃতদেহটি উদ্ধার করে। নিহতের পরিবার জানায়, গত বুধবার দিবাগত রাতে কোনো একসময় প্রকৃতির ডাকে আকবর বাড়ির বাইরে যান। পরে পাশেই পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যান। আকবর আলী মৃগী রোগী ছিলেন।ফরিদপুর: গত বুধবার নগরকান্দার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে গৃহবধূ পপি বেগমের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফছার মাতুব্বর বলেন, পপি বেগম কাগদী গ্রামের জাহিদ ফকিরের স্ত্রী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মৃতের মামা আজাদ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। নগরকান্দা থানার ওসি এম এ করিম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।