তিন জেলায় ছয় খুন, গ্রেপ্তার ৯
দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় গত বৃহস্পতি ও শুক্রবার পৃথক ঘটনায় ছয়জন খুন হয়েছে। এসব ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: দিনাজপুর শহরের নিমতলা এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক বিক্রেতাদের উপর্যুপরি ছুরিকাঘাতে হীরা সিংহ (২৭) নামের এক যুবক নিহত ও সুদীপ বকসী (২৭) আহত হয়েছেন। হীরার বাবা মহেশ চন্দ্র সিংহ এ ঘটনায় মামলা করেছেন। সুদীপ বকসী জানান, মাদক বিক্রির সঙ্গে জড়িত রঞ্জন, মতি, কারফু, রাতুল, রাজীবসহ ১০-১২ জন এ হামলা চালায়। এলাকায় মাদক প্রতিরোধে বন্ধু হীরা সিংহসহ তিনি প্রায় দুই মাস আগে শহরের মালদহপট্টি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা রঞ্জন দাসকে পুলিশে দেন। কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে রঞ্জন তাঁদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছিলেন।চাঁপাইনবাবগঞ্জ: বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের শিবতলা-মালোপাড়া মহল্লার জিল্লুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (২৩) তাঁর বন্ধু সেকেন্দারের সঙ্গে মহানন্দা নদীর ধারে বসে গল্প করছিলেন। এ সময় কিছু উচ্ছৃঙ্খল যুবক তাঁদের খুব কাছে পটকা ফাটায়। এতে বাধা দিলে শহীদুল ও সেকেন্দারের সঙ্গে ওই যুবকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যুবকেরা তাঁদের বেধড়ক মারধর করে। এ সময় নিজেকে বাঁচাতে শহীদুল নদীতে নেমে গেলেও যুবকেরা বাঁশ দিয়ে আঘাত করে এবং ধাক্কা দিয়ে গভীর পানিতে ফেলে দেয়। তবে সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে সেকেন্দার থানায় খবর দেন। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন। পরে শুক্রবার সকাল থেকে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল লাশের সন্ধানে নদীতে নামে। দীর্ঘক্ষণ চেষ্টার পর বিকেল সোয়া চারটার দিকে শ্মশানঘাট থেকে শহীদুলের লাশ উদ্ধার করা হয়।নওগাঁ: সদর উপজেলার চকচাপাই গ্রামের বাসিন্দা ও শৈলগাছি বাজারের একটি ওয়েল্ডিং দোকানের শ্রমিক আলামিন (২২) বাড়ি বৃহস্পতিবার রাতে প্রতিমা বিসর্জন দেখতে নওগাঁ শহরে যান। শুক্রবার সকালে শৈলগাছি গ্রামের কাছে একটি আখখেতে আলামিনের জবাই করা লাশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় শৈলগাছি গ্রামের লোকজন একই গ্রামের শহীদ, বিষু, সোহেল রানা, জাফর ও শরিফুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে পরে মিশুক (১৮) ও আবদুল লতিফ (১৮) নামের আরও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।মান্দা উপজেলার গণেশপুর গ্রামের সাইফুল (১৮) সতিহাট এলাকার রেজাউল ইসলামের সঙ্গে গরু কেনাবেচার ব্যবসা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি রেজাউলের বাড়ি বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে সতিহাটের নৈশপ্রহরীরা চিৎকার শুনে রেজাউলের বাড়ির দরজার সামনে সাইফুলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। এ সময় পালানোর চেষ্টা করলে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন রেজাউলকে আটক করে। রেজাউলের জামাকাপড়ে রক্তের ছোপ ছিল। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে শুক্রবার বিকেলে নওগাঁ সদরের কোমাইগাড়ি মহল্লার ছাত্রাবাসের একটি কক্ষের দরজা ভেঙে কলেজছাত্র ফেরদৌসের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নওগাঁ সরকারি কলেজের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি মান্দা উপজেলার নাপিতপাড়া গ্রামে।পার্বতীপুর (দিনাজপুর): শুক্রবার বেলা ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামের শামসুদ্দিনের ছেলে আবদুস সাত্তার (৩০) পার্বতীপুরের ভবেরবাজারে আসেন। সেখানে তাঁর একটি মুদি দোকান রয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে সাত্তারের স্ত্রী শাপলার ভগ্নিপতি এনামুলসহ কয়েকজন এসে জোর করে তাঁকে দোকান থেকে উঠিয়ে গোবিন্দপুর গ্রামে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। সেখানে তিনি অসুস্থ ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় পুলিশ সাত্তারের স্ত্রী শাপলা বেগমকে (২২) গ্রেপ্তার করেছে।