তিন জেলায় ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল রোববার ভোরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত ও আহত হয়েছে পাঁচজন। একই দিন জয়পুরহাট-বগুড়া মহাসড়কে জয়পুরহাটের কালাই উপজেলার বালাইট এলাকায় ট্রাকের চাপায় রিকশাভ্যানের তিন যাত্রী নিহত ও এক যাত্রী আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রোববার ভোর ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে সামনে থেকে একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক বিজয় কুমার (৩৮) নিহত হন। অটোরিকশার আহত অপর পাঁচজন যাত্রীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল (৩০) নামের আর এক যাত্রীর মৃত্যু হয়। একই দিন সকালে একই সড়কের মুলিবাড়ী এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী মামুন শেখ (৩০) নিহত হন। আহত অপর যাত্রীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জয়পুরহাট: পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে কালাই উপজেলার নিশ্চিন্তা বাসস্ট্যান্ড থেকে চার যাত্রী নিয়ে একটি রিকশাভ্যান উপজেলা সদরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে বালাইট এলাকায় পৌঁছালে একটি মিনি ট্রাক ওই রিকশাভ্যানটিকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই যানটির চালক বাবলু মিয়া (৪৫), যাত্রী মসির উদ্দীন (৫০) ও এনামুল হক (৩০) নিহত হন। আহত অপর যাত্রী মিনা বেগমকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ট্রাকের চালক রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।