তিন জেলায় জামায়াত-শিবির কর্মীসহ গ্রেপ্তার ৫৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিনজন কর্মীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় ১৩, তালা ও আশাশুনিতে ৪ জন করে, কালীগঞ্জে ৮, শ্যামনগরে ৫, দেবহাটায় ২ ও পাটকেলঘাটায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, কমলনগর উপজেলা জামায়াতের আমির মো. নুর উদ্দিনসহ জামায়াতের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার হাজিরহাটের তালপট্টি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে অভিযান চালিয়ে মো. নুর উদ্দিন, জামায়াতের কর্মী ইমরান হোসেন, মো. জুলহাস ও সাইদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, ওই চার ব্যক্তি নাশকতা সৃষ্টির লক্ষ্যে বৈঠক করছিলেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে সাত থেকে আটটি করে মামলা রয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এমাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বড়লেখা পৌর শহরের মহুবন্দ এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার ওসি শহিদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এমাদুল ইসলামের বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।